কাজী নজরুল ইসলাম জীবনী | Kazi Nazrul Islam Biography in Bengali
Sofol,
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের কাছে উপস্থাপন করলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী। এখানে সহজ-সরল ও সুন্দর ভাষায় জীবন, সাহিত্যকর্ম এবং অবদানের বিষয়ে আলোচনা করা হয়েছে। কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং বাংলাদেশের জাতীয় কবি। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার অসামান্য অবদানের জন্য তাকে "বিদ্রোহী কবি" বলা হয়।
কাজী নজরুল ইসলামের বিস্তারিত জীবনী নিচে দেওয়া হলো
ভূমিকা
বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি,সাহিত্যিক, গীতিকার, সুরকার, সংগীতজ্ঞ ছিলেন কাজী নজরুল ইসলাম|তিনি কবিতা, গান ও লেখার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের স্বাধীনতা, সাম্য, ভালোবাসা এবং মানবতার কথা বারবার বলেছেল তাই তিনি আমাদের ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত। তিনি একজন সাহসী ও স্বাধীনচেতা মানুষ। তাঁর লেখায় সাধারণ মানুষের দুঃখ-কষ্ট যেমন ফুটে উঠেছে, তেমনই ফুটে উঠেছে নতুন সমাজ গড়ার স্বপ্ন।
জন্ম ও পরিবার
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (বাংলা ১১ জ্যৈষ্ঠ ১৩০৬) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী ফকির আহমদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। তাকে অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবারের অভাব-অনটনের মধ্যে বড় হতে হয়|
নজরুলের ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। ছোটবেলার জীবনে দুঃখ-কষ্ট বেশি থাকায় এই নামটি যেন তাঁর জীবনের সঙ্গে মিশে গিয়েছিল। কিন্তু দারিদ্র্য তাঁকে কখনো দুর্বল করে দিতে পারেনি। বরং জীবনের কঠিন অভিজ্ঞতা তাঁকে সাহসী ও সংগ্রামী করে তুলেছিল।
শৈশব ও শিক্ষাজীবন
গ্রামের মক্তবে তার প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা শুরু হয়| আর্থিক সংকটের কারনে তিনি তার পড়াশোনা চালিয়ে যেতে পারেননি | কিন্তু ছোটবেলা থেকেই তাঁর কবিতা ও গান লেখার প্রতি বিশেষ আগ্রহ ছিল।
পিতার মৃত্যুর পর পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন অল্প বয়সেই নজরুলকে বিভিন্ন কাজ করতে হয়। তিনি মসজিদে মুয়াজ্জিনের ও রুটির দোকানেও কাজ করেছেন |জীবিকার উদ্যেশ্য ও সাহিত্য সত্বার টানে স্থানীয় লোকনাট্যদল বা লেটো দল এর সঙ্গে যুক্ত হন। সেখানে নজরুল গান লিখতেন, কবিতা রচনা করতেন, অভিনয় করতেন এবং গান গাইতেন।
লেটো দলে থাকার সময় থেকেই তাঁর মধ্যে কবিতা ও গান লেখার প্রতিভা প্রকাশ পেতে থাকে। তিনি হিন্দু ও মুসলিম উভয় সংস্কৃতির নানা বিষয় সম্পর্কে জানতে পারেন। পরবর্তীকালে তাঁর লেখায় এই মিলিত সংস্কৃতির সুন্দর প্রকাশ দেখা যায়।
সেনাবাহিনীতে যোগদান
কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর ৪৯তম বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হিসেবে কাজ করেন। প্রশিক্ষনের শেষে তাকে করাচিতে পাঠানো হয়| তিনি তার ব্যাটালিয়নের কোয়াটারমাস্টার হিসাবে দায়িত্ব পানল করেন| সেনাবাহিনীতে থাকার সময়ও তাঁর সাহিত্যচর্চা বন্ধ হয়নি। ১৯২০ সালের দিকে যুদ্ধ থেকে ফিরে তিনি পুরোদমে লেখালেখি শুরু করেন |
সাহিত্যজীবনের শুরু
কলকাতায় এসে নজরুল সাহিত্যচর্চায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। তাঁর কবিতা ও লেখা দ্রুত পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। তাঁর ভাষা ছিল শক্তিশালী, প্রাণবন্ত এবং নতুন ধরনের। তিনি প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নতুন ভাবনা ও নতুন শব্দ ব্যবহার করতেন।
১৯২২ সালে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’। এই কবিতা প্রকাশের পর নজরুল রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন। কবিতাটিতে তিনি অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছেন। কবিতার ভাষা ছিল অত্যন্ত শক্তিশালী ও উদ্দীপনাময়।‘বিদ্রোহী’ কবিতার জন্যই তিনি বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত হন।
‘অগ্নিবীণা’ ও অন্যান্য রচনা
১৯২২ সালেই তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ প্রকাশিত হয়। এই বই বাংলা কবিতায় নতুন যুগের সূচনা করে। ‘বিদ্রোহী’, ‘প্রলয়োল্লাস’, ‘কামাল পাশা’সহ বিভিন্ন কবিতা এই গ্রন্থে স্থান পায়।
নজরুলের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে—
অগ্নিবীণা, দোলনচাঁপা, ভাঙার গান, ফণিমনসা, সিন্ধু-হিন্দোল,
বিষের বাঁশী, চক্রবাক, সর্বহারা, সাম্যবাদী, ইত্যাদি |
তাঁর লেখা গল্প, উপন্যাস ও প্রবন্ধও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে ‘বাঁধনহারা’, ‘মৃত্যুক্ষুধা’ এবং ‘কুহেলিকা’ উল্লেখযোগ্য।
সাংবাদিকতা ও ‘ধূমকেতু’
১৯২০ সালে মুজফফর আহমদের সঙ্গে যৌথ সম্পাদনায় ‘নবযুগ’ দৈনিকের মাধ্যমে নজরুলের সাংবাদিক জীবন শুরু হয় | পরবর্তীকালে তিনি ‘লাঙল’ পত্রিকাতেও তিনি সম্পাদনা করেন |
১৯২২ সালে ১১ আগস্ট নজরুলের ‘ধূমকেতু’ প্রত্রিকা প্রকাশিত হয় | এই পত্রিকার প্রধান লক্ষ্য ছিল ভারতবর্ষের স্বাধীনতা অর্জন ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা |তাই তাঁর লেখার কারণে ব্রিটিশ সরকার তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং কারাদণ্ড দেয়।
কারাবাস ও প্রতিবাদ
নজরুল তার কবিতার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারনে ১৯২৩ সালে জানুয়ারী মাসে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয় |কারাগারেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান। তিনি বন্দিদের ওপর অত্যাচারের প্রতিবাদে অনশন করেছিলেন। তাঁর বিখ্যাত কবিতা ‘রাজবন্দীর জবানবন্দী’ তাঁর সংগ্রামী মনোভাবের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
নজরুলের বিদ্রোহ শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্য ছিল না। তিনি মানুষের মনের স্বাধীনতার কথাও বলেছেন। জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরিবের বিভেদ তিনি মেনে নিতে পারেননি।
সাম্য ও মানবতার কবি
নজরুল ছিলেন সাম্য ও মানবতার কবি। তাঁর বিখ্যাত কবিতা ‘সাম্যবাদী’-তে তিনি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না করার কথা বলেছেন।
তার কাছে জাতি, ধর্ম বা বর্ণের চেয়ে মানুষ পরিচয়টি ছিল সচেয়ে বড় | তিনি তার বিখ্যাত কবিতা ‘মানুষ’-এও মানবতার কথা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাইতো হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ না করে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।
হিন্দু-মুসলিম সম্প্রীতির কবি
নজরুল ইসলামের সাহিত্যজীবনের একটি বড় বৈশিষ্ট্য হলো হিন্দু-মুসলিম সম্প্রীতি। তিনি ইসলামি গান যেমন লিখেছেন, তেমনই শ্যামাসংগীত, ভক্তিগীতি ও হিন্দু ধর্মীয় বিষয়ের গানও রচনা করেছেন।
তিনি বিশ্বাস করতেন, ধর্ম মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য নয়। তাঁর কবিতা ও গান দুই সম্প্রদায়ের মানুষের হৃদয়কে কাছাকাছি এনেছে।
নজরুলের সংগীত
কাজী নজরুল ইসলাম বাংলা গানের জগতেও অসাধারণ অবদান রেখেছেন। তাঁর রচিত গানগুলো ‘নজরুলগীতি’ নামে পরিচিত।
তিনি প্রায় চার হাজারের মতো গান রচনা করেছেন বলে সাধারণভাবে মনে করা হয়। তাঁর গানগুলোর বিষয় ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, ইসলামি ভাবধারা, শ্যামাসংগীত, ভক্তি, মানবতা—সবকিছুই তাঁর গানে স্থান পেয়েছে।
তিনি শুধু গান লিখতেন না, নিজেই সুরও দিতেন। বাংলা সংগীতে তাঁর অবদান তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রেম ও প্রকৃতির কবি
নজরুলকে শুধু বিদ্রোহের কবি ভাবলে তাঁর সাহিত্যকে সম্পূর্ণভাবে বোঝা যায় না। তিনি ছিলেন প্রেম ও প্রকৃতিরও অসাধারণ কবি।
তাঁর প্রেমের কবিতা ও গান অত্যন্ত আবেগপূর্ণ। মানুষের ভালোবাসা, বিচ্ছেদ, আনন্দ ও বেদনা তিনি সুন্দরভাবে প্রকাশ করেছেন।
প্রকৃতির সৌন্দর্যও তাঁর কবিতায় দেখা যায়। ফুল, পাখি, নদী, আকাশ, বসন্ত, বৃষ্টি—প্রকৃতির বিভিন্ন উপাদান তাঁর লেখায় জীবন্ত হয়ে উঠেছে।
ব্যক্তিজীবন
নজরুল ১৯২৪ সালে ২৪ এপ্রিল কুমিল্লার আশালতা সেনগুপ্তা তথা প্রমীলা দেবীকে বিবাহ করেন। তাঁদের সংসারে চার পুত্র সন্তানের জন্মও হয় | কিন্তু তাঁর ব্যক্তিজীবন সবসময় সুখের ছিল না। নানা দুঃখ-কষ্ট ও পারিবারিক সমস্যার মধ্য দিয়েও তাঁকে যেতে হয়েছে। তবুও সাহিত্য ও সংগীতের প্রতি তাঁর ভালোবাসা কখনো কমেনি।
অসুস্থতা ও নীরবতা
জীবনের শেষ দিকে নজরুল এক কঠিন অসুস্থতায় আক্রান্ত হন। ১৯৪২ সালের পর তাঁর বাক্শক্তি ও স্মৃতিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। ফলে তিনি আর আগের মতো লিখতে বা কথা বলতে পারেননি।
এটি বাংলা সাহিত্যের জন্য এক বিরাট দুঃখের ঘটনা ছিল। যে কবির কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠেছিল, সেই কণ্ঠ একসময় নীরব হয়ে যায়।
তবে তাঁর লেখা কবিতা ও গান মানুষের হৃদয়ে তাঁর কণ্ঠকে বাঁচিয়ে রাখে।
বাংলাদেশে নজরুল
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়। ১৯৭২ সালে তাঁকে সপরিবারে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় |
বাংলাদেশের মানুষ তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর কবিতা ও গান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত।
পুরস্কার ও সম্মান
নজরুল তাঁর সাহিত্যকর্মের জন্য বহু সম্মান লাভ করেছেন। ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ প্রদান করে। ১৯৬০ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে।
বাংলাদেশে তিনি ‘একুশে পদক’ এবং ১৯৭৬ সালে ‘স্বাধীনতা পুরস্কার’-সহ বিভিন্ন সম্মান লাভ করেন।
তবে কোনো পুরস্কারই তাঁর প্রকৃত পরিচয় নয়। তাঁর আসল পরিচয় হলো—তিনি মানুষের কবি, বিদ্রোহের কবি এবং সাম্যের কবি।
শেষ জীবন ও মৃত্যু
জীবনের শেষ সময়ে নজরুল ঢাকায় বসবাস করেন। দীর্ঘ অসুস্থতার কারণে তিনি সাহিত্যচর্চা করতে পারেননি। কিন্তু তাঁর সৃষ্টি মানুষের মনে জীবন্ত ছিল।
১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।
তাঁর মৃত্যুর মধ্য দিয়ে একজন মহান কবির জীবন শেষ হলেও তাঁর সাহিত্য ও আদর্শ আজও বেঁচে আছে।
উপসংহার
কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর লেখনী শোষন,ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে চিরকাল প্রতিবাদী চেতনা ও মুক্তির অনুপ্রেরনা যুগিয়েছে| তাই তিনি নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।
তিনি অন্যায়ের সামনে মাথা নত করেননি। মানুষের স্বাধীনতা, সাম্য ও মর্যাদার জন্য তিনি সারাজীবন কথা বলেছেন। তাঁর ‘বিদ্রোহী’ কবিতা আজও মানুষের মনে সাহস জাগায়। তাঁর গান আজও মানুষের হৃদয়কে আনন্দ দেয় এবং তাঁর মানবতার বাণী মানুষকে একসঙ্গে থাকার শিক্ষা দেয়।
কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নন; তিনি একটি চেতনা, একটি সাহস এবং একটি আদর্শ। যতদিন মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়বে, ততদিন নজরুলের কবিতা ও গান মানুষের মনে অনুপ্রেরণা জোগাবে।তাই বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের স্থান চিরকাল অমর ও অনন্য।
:: পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ::
1. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৪ মে ১৮৯৯ খ্রিস্টাব্দ।
2. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়?
উত্তর: চুরুলিয়া, বর্ধমান (বর্তমানে পশ্চিম বর্ধমান), পশ্চিমবঙ্গ।
3. প্রশ্ন: নজরুল ইসলামের পিতার নাম কী?
উত্তর: কাজী ফকির আহমদ।
4. প্রশ্ন: নজরুল ইসলামের মাতার নাম কী?
উত্তর: জাহেদা খাতুন।
5. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের ডাকনাম কী ছিল?
উত্তর: দুখু মিয়া।
6. প্রশ্ন: নজরুল ইসলাম কোন নামে বিশেষভাবে পরিচিত?
উত্তর: বিদ্রোহী কবি।
7. প্রশ্ন: নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
উত্তর: ‘মুক্তি’।
8. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর: ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে।
9. প্রশ্ন: ‘অগ্নিবীণা’ কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে।
10. প্রশ্ন: নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ কবে রচিত হয়?
উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে।
11. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতার প্রথম পংক্তি কী?
উত্তর: “বল বীর—/ বল উন্নত মম শির!”
12. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ‘অগ্নিবীণা’।
13. প্রশ্ন: নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: ‘বাঁধনহারা’।
14. প্রশ্ন: ‘বাঁধনহারা’ কী ধরনের রচনা?
উত্তর: উপন্যাস।
15. প্রশ্ন: নজরুলের বিখ্যাত গল্পগ্রন্থ ‘ব্যথার দান’ কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে।
16. প্রশ্ন: ‘ধূমকেতু’ কী?
উত্তর: কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকা।
17. প্রশ্ন: ‘ধূমকেতু’ পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে।
18. প্রশ্ন: নজরুলের কোন লেখার জন্য তিনি ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন?
উত্তর: ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য।
19. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কতদিন কারাবন্দি ছিলেন?
উত্তর: প্রায় এক বছর।
20. প্রশ্ন: জেলে নজরুল প্রতিবাদে কী করেছিলেন?
উত্তর: অনশন করেছিলেন।
21. প্রশ্ন: নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘বিষের বাঁশী’ কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৪ খ্রিস্টাব্দে।
22. প্রশ্ন: ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের মূল ভাব কী?
উত্তর: সাম্য, মানবতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ।
23. প্রশ্ন: নজরুলের রচিত বিখ্যাত গান ‘চল চল চল’ কী ধরনের গান?
উত্তর: উদ্দীপনামূলক/দেশাত্মবোধক গান।
24. প্রশ্ন: ‘চল চল চল’ বর্তমানে কোন দেশের রণসংগীত?
উত্তর: বাংলাদেশ।
25. প্রশ্ন: কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: ১৯৭২ সালে।

No comments:
Post a Comment